1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

জর্ডান উপত্যকায় ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণ

দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ইসরায়েল নতুন করে বসতি নির্মাণ শুরু করায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চিত হয়ে পড়েছে৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাই ইসরায়েলকে এ উদ্যোগ বন্ধ করার আহবান জানিয়েছেন৷

পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ

ফিলিস্তিন ও আন্তর্জাতিক মহলের নিষেধ সত্বেও ইসরায়েল তার দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় নতুন করে বসতি নির্মাণ শুরু করেছে৷ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্হা এএফপি জানিয়েছে জর্ডান উপত্যকার মাসকিওত বসতিতে এ মুহুর্তে ২০টি নতুন হাউজিং ইউনিট তৈরীর প্রক্রিয়া শুরু করছে ইসরায়েলী সেনাবাহিনী৷ ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ এ জন্য দরপত্র ডাকার ঘোষণা দিয়েছে৷ তবে এ জন্য চুড়ান্ত অনুমোদন আসতে হবে ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের কাছ থেকে৷ ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন না পাওয়ার কোন কারণ নেই৷

জর্ডান উপত্যকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন

প্রসঙ্গত, আন্তর্জাতিক মহল আগে থেকেই পশ্চিম তীর ও পুর্ব জেরুজালেমে কোন ধরনের বসতি নির্মাণ না করতে ইসরায়েলকে নিষেধ করে আসছিলো৷ অন্যথায় ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল৷

এদিকে জর্ডান উপত্যকায় ইসরায়েলের এ বসতি সম্প্রসারণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷ তার মুখপাত্র মিশেল মোনতাস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বান কি মুন মনে করেন ইসরায়েলের নতুন করে এ বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী৷ এছাড়া এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার চলতি রোডম্যাপেরও বিরোধী৷

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও জানিয়েছেন, বান কি মুন বসতি নির্মাণের সকল কাজ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন৷ একইসঙ্গে তিনি ২০০১ সালের মার্চ মাস থেকে নির্মিত সেনাবাহিনীর ফাড়িগুলো সরিয়ে নেয়ারও আহবান জানিয়েছেন৷

তবে ইসরায়েলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রেগেভ জানিয়েছেন যে ইসরায়েলের বর্তমান সীমানার বাইরে কোন বসতি নির্মাণ না করার ব্যাপারে সরকার তার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে৷

উল্লেখ্য, পশ্চিম তীরে বর্তমানে চার লাখ ৭০ হাজার ইসরায়েলী বাস করছে৷ এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করতে গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে আনাপোলিসে উভয় পক্ষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়৷ তবে ইসরায়েলের নতুন উদ্যোগ আবারও এ শান্তি প্রক্রিয়াকে থমকে দিতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল৷

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷