1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

কার্লা সার্কোজি নিয়ে আবার সরগরম গুজব

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি আর তাঁর মডেল তথা গায়িকা স্ত্রী কার্লা ব্রুনির বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এখন আবার সরগরম ট্যাবলয়েড আর নেট দুনিয়া৷

সার্কোজি আর কার্লার এই ঘনিষ্ঠতার দিন কী শেষ?

২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট সার্কোজি আর নামজাদা ইটালিয় মডেল এবং গায়িকা কার্লা ব্রুনির বিয়ে হয়েছিল ফ্রান্সের এলিজি প্রাসাদে৷ গোপনে সেই বিয়ের খবর নিয়ে গোটা দুনিয়া সরগরম হয়েছিল সেদিন৷ বিয়ের আগে থেকেই প্রেমের সময়ে সরগরম ছিল নানান গুজব৷ এবার সার্কোজি আর কার্লাকে নিয়ে নতুন যে গুজব বাজারে উড়ছে, তা হল স্বামী স্ত্রী দুজনেরই বিবাহ বহির্ভূত প্রেম৷ স্বামী সার্কোজি নাকি তাঁর সরকারের পরিবেশ মন্ত্রী প্রাক্তন ক্যারাটে চ্যাম্পিয়ন শাঁতাল জুয়ানোর সঙ্গে প্রেম করতে ব্যস্ত৷ আর চুপ করে বসে নেই সুন্দরী কার্লাও৷ তাঁর নতুন প্রেমিক হলেন পপস্টার বেঞ্জামিন বিয়োলে৷ বিয়োলেকে নিয়ে ছুটি কাটাতে থাইল্যান্ড চলে গেছেন কার্লা৷ আর স্ত্রীকে ফেরাতে বিশেষ বিমান পাঠিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট৷

সামাজিক নেটওয়ার্ক টুইটারেই প্রথম এই খবরটা রটেছিল বেশি৷ তারপর ট্যাবলয়েড দুনিয়া আর টিভি চ্যানেলগুলোতেও চলতে থাকে রসালো আলোচনা, খবরাখবর৷ বলা হয়েছে, ৫৫ বছর বয়সী প্রেসিডেন্ট সার্কোজি তাঁর পরিবেশ মন্ত্রী বছর চল্লিশের জুয়ানোর সঙ্গে মজেছেন আর কার্লার সঙ্গী এখন তাঁর চেয়ে বয়সে বছর ছয়েকের ছোট পপস্টার বেঞ্জামিন৷ ঘনিষ্ঠতা এতটাই বেশি যে বেঞ্জামিনকে সঙ্গী করে কার্লা পাড়ি দিয়েছেন থাইল্যান্ডে ছুটি কাটাতে৷ অবশেষে শেষ খবর জানাচ্ছে একটি ব্রিটিশ ট্যাবলয়েড৷ তাদের দাবি, স্ত্রীকে ফেরাতে তাড়াতাড়ি করে বিশেষ বিমান পাঠিয়ে দিয়েছেন সার্কোজি৷ তবে,একদা সুপারমডেল কার্লা সেই নির্দেশ মান্য করে এখনই ঘরে ফিরছেন কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি৷

একদা সুপারমডেল কার্লা ব্রুনি গায়িকা হিসেবেও বিখ্যাত

গত কয়েক সপ্তাহ ধরে প্যারিসে নাকি বেঞ্জামিনের ফ্ল্যাটেই থেকেছেন ফ্রান্সের ফার্স্ট লেডি৷ দাবি বিভিন্ন ট্যাবলয়েডের৷ একসঙ্গে দুজনকে বিভিন্ন জায়গায় দেখাও গেছে৷ তারপরেই এই থাইল্যান্ড ভ্রমনের কাহিনী৷ বিশ্বখ্যাত সুন্দরীদের একজন কার্লা ব্রুনির রোমান্সের অতীত ইতিহাস অবশ্য যথেষ্ট দীর্ঘ৷ মিক জ্যাগার, ডোনাল্ড ট্র্যাম্প কিংবা এরিক ক্ল্যাপটনের মত ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়েছে কার্লার নাম বহুবার৷ মডেলিং-এর খাতিরে অতি খোলামেলা পোষাক আসাক পড়তেও কখনো পিছপা হননি কার্লা৷ ডাকাবুকো হিসেবে তাঁর নামও যথেষ্ট৷

আর অন্যদিকে প্রেসিডেন্ট সার্কোজিও কিছু কম যান না৷ প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই প্রেমে পড়েন তিনি কার্লা ব্রুনির৷ গোপনে বিয়েও হয়ে যায় ঝটপট৷ পরে অবশ্য সরকারি ভাবে সেই বিয়ের খবর প্রচার করা হয়েছিল৷ তারপর আপাতত প্রেসিডেন্টের সঙ্গে জড়িয়েছে ফরাসি পরিবেশ মন্ত্রীর নাম৷

এতসব কান্ডের মধ্যে ফরাসি সংবাদমাধ্যমের একাংশ এখন প্রশ্ন তুলছে, দুজনেই যখন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, তাহলে কী এই বিয়েটাও ভাঙতে চলেছে ? প্রশ্নটা উঠেছেই শুধু নয়, গুজবের আলোচনাও ছড়াচ্ছে বেশ আগুনের মত৷

মুখরোচক এই বিষয় তো হল৷ এখন দেখা যাক প্রশ্নটার উত্তর কী হয় এবং তা কতদিনে৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - জাহিদুল হক

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন