1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করছেন টিমোশেঙ্কো

২০০৪ সালে ইউক্রেনের ‘কমলা বিপ্লব’ কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়েছিল৷ পশ্চিমাপন্থী শিবির দ্বিধাবিভক্ত হয়ে যাওয়ায় ২০১০ সালে আবার ক্ষমতার রাশ ফিরে এল কমিউনিস্টদেরই হাতে৷

ইউক্রেনের রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয়লাভ করলেন বিরোধী কমিউনিস্ট নেতা ভিক্টর ইয়ানুকোভিচ৷ ইউক্রেনের সাম্প্রতিক ইতিহাসে পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ নেতৃত্বের যে সাফল্য দেখা যাচ্ছিল, রাশিয়াপন্থী এই নেতার জয়ের ফলে তাতে বিঘ্ন ঘটল৷

প্রতিক্রিয়া

প্রায় ৯৮ শতাংশ ভোট গণনার পর নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, যে ইয়ানুকোভিচ ৪৮.৬ শতাংশ ভোট পেয়েছেন৷ তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী ইয়ুলিয়া টিমোশেঙ্কো পেয়েছেন ৪৫.৮ শতাংশ৷ ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংগঠন ওএসসিই-র পর্যবেক্ষকেরা বলছেন, নির্বাচন পর্বে যথেষ্ট স্বচ্ছতা দেখা গেছে, অনিয়মের কোন ঘটনা তাদের চোখে পড়ে নি৷

ইউক্রেনের রাজনীতির গতিপথ

ইউক্রেনে গণতন্ত্র চালুর লগ্ন থেকেই পশ্চিমা ও রাশিয়াপন্থী দুই শিবিরের মধ্যে সংঘাত চলে আসছে৷ দেশের পশ্চিমাংশে ইউরোপ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সমন্বয়ের পক্ষে বেশী মানুষের সমর্থন দেখা যায়৷ অন্যদিকে পূর্বাংশের মানুষ ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণে রাশিয়ার ঘনিষ্ঠ৷ ২০০৪ সালে ‘কমলা বিপ্লব' বলে পরিচিত আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল পশ্চিমাপন্থী শিবির৷ সেসময়ে নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ইয়ানুকোভিচের জয় হয়েছিল, এই অভিযোগে হাজার-হাজার মানুষ পথে নেমে নতুন করে নির্বাচন আয়োজন করতে বাধ্য করে৷ ভোটগনণার পর দেখা যায়, জয় হয়েছে পশ্চিমাপন্থী নেতা ভিক্টর ইয়ুশচেঙ্কোর৷ সেসময়ে ইয়ুশচেঙ্কোর শিবিরেই ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী টিমোশেঙ্কো৷ তারপর দুই নেতার মধ্যে চরম বিরোধের ফলে তাঁদের পথ আলাদা হয়ে যায়৷ এবারে প্রার্থিত্বের দৌড়ে নামলেও নির্বাচনের প্রথম পর্যায়েই বিদায় নিতে হয় ইয়ুশচেঙ্কোকে৷ সোমবারের ফলাফলের পর সেই ‘কমলা বিপ্লব' শেষ হল বলা চলে৷ তবে মাত্র ৩ শতাংশের ব্যবধানে ইয়ানুকোভিচের এই জয়কে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, যেমনটা টিমোশেঙ্কো শিবিরের প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷