শ্রীলংকার সেনাবাহিনীর সাবেক প্রধান এবং বতর্মানে বিরোধী দলীয় মোর্চার নেতা জেনারেল সারথ ফন্সেকাকে গ্রেফতার করা হয়েছে৷ সেনা আইনে তার বিচার হবে বলে জানানো হয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে৷
অবসরপ্রাপ্ত জেনারেল সারথ ফন্সেকাকে
দুই দশকেরও বেশি সময়ের গৃহযুদ্ধের অবসানে তামিল টাইগারদের দমন করতে যে জেনারেল নেতৃত্ব দিয়েছিলেন, তিনি শ্রীলংকার সাবেক সেনা প্রধান সারথ ফন্সেকা৷ গত ২৬ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ছিলেন প্রেসিডেন্ট রাজাপাকসের প্রধান প্রতিদ্বন্দ্বী৷ এই সাবেক সেনা প্রধানকে সোমবার রাতে গ্রেফতার করলো তাঁরই সেনাবাহিনী৷ সেনাবাহিনীর এমপি বলে যাদেরকে বলা হয়, সেই মিলেটারি পুলিশের সদস্যরা অনেকটা জোর করেই তাঁকে তুলে নিয়ে যায় তাঁর রাজনৈতিক কার্যালয় থেকে৷
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভারী অস্ত্রে সজ্জিত সেনা সদস্যরা সেই এলাকা প্রথমে ঘিরে ফেলে, তারপর অফিসের মধ্যে ঢুকে পড়ে৷ এ সময় চার তারকার এই অবসরপ্রাপ্ত জেনারেল কথা বলছিলেন তিন সিনিয়র নেতার সঙ্গে৷ তার সঙ্গে সেনা সদস্যদের বচসা হয়েছিল, তিনি তাদের সঙ্গে সেখানে যেতে চাননি৷ কিন্তু এক প্রকার পাঁজাকোলা করেই ধরে নিয়ে যাওয়া হয় তাঁকে৷
কিন্তু কি অপরাধ এই সাবেক কমান্ডার ইন চীফের? এই প্রশ্নের জবাব পাওয়া গেছে একেক জনের কাছে একেক ধরণের৷ সেনাবাহিনীর মুখপাত্র বলছেন, সাবেক এই জেনারেলকে গ্রেফতার করা হয়েছে সেনা অপরাধের এক অভিযোগে৷ সেনা মুখপাত্র লক্খ্নন হুলুগালে জানান. সেনা প্রধান থাকা কালে ব্যক্তিগত স্বার্থ বাস্তবায়ন করতে এবং রাজনীতিতে আসার মানসে তিনি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন৷ সেই সঙ্গে এই কাজ করে তিনি সেনাবাহিনীকে দ্বিখন্ডিত করার চক্রান্তে মেতে উঠেছিলেন এবং সেই কাজে তিনি এখনো মেতে উঠেছেন৷ অপর একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারের সময়ে প্রথমে জানানো হয়েছিল, নয় বছর আগে একটি সামরিক অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হচ্ছে৷ এছাড়া তাঁর বিরুদ্ধে তামিল বিরোধী অভিযানের সময়ে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলের৷ অবশ্য এই বিষয়ে সাবেক সেনা প্রধান সারথ ফন্সেকার ভাষ্য: তিনি এই অভিযোগের জবাব দিতে রাজি, তবে এ জন্য নিজেকে প্রস্তুত করতে তাঁর কিছু সময়ে প্রয়োজন৷ এই কথা তিনি যখন গতকাল সাংবাদিকদের বলছিলেন, তার কিছু পরেই তাঁকে গ্রেফতার করা হয়৷
সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, এই গ্রেফতারের সময়ে কোন সংবাদকর্মীকে কোন ধরণের ছবি তুলতে দেয়া হয়নি৷ শ্রীলংকা মুসলিম কংগ্রসের নেতা রাউফ হামিম সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন৷ তিনি জানান, জেনারেলকে খুবই অপমানজনকভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে৷
সেনাসূত্রগুলো জানাচ্ছে, তাঁকে সেনা গারদে আটকে রাখা হয়েছে৷ তাঁর বিচার হবে সেনা আদালতে, সেই বিচার কাজে সাধারণ কেউ অংশ নিতে, এমন কি কোন সাংবাদিক তা দেখতে পারবেন না৷ মার্কিন যুক্তরাষ্ট্র সারথ ফন্সেকাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বলেছে, তারা এই ইস্যুর দিকে নিবিড় দৃষ্টি রেখেছেন৷ সেই সঙ্গে এ বিষয়ে তাদের উদ্বগের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র ফিলিপ ক্রাউলি৷
সারথ ফন্সেকা ২৬ জানুয়ারির নির্বাচনে প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছেন৷ তিনি বিরোধী দলের একটি মোর্চার নেতৃত্ব দিচ্ছিলেন, যে মোর্চার নেতা কর্মীদের বিরুদ্ধে চলছে সরকারের স্টিম রোলার৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আরাফাতুল ইসলাম