1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান প্রযুক্তি

আবারো চালু হল কণারশ্মি ভাঙ্গার মহাযন্ত্র

দীর্ঘ প্রায় ১৪ মাস পর আবারো চালু হয়েছে বিজ্ঞান জগতের অন্যতম বিস্ময় কণার রশ্মি ভাঙ্গার মহাযন্ত্র লার্জ হেডরন কলাইডার বা এলএইচসি৷ শুক্রবার বিজ্ঞানীরা সফলভাবে এই পুনরায় চালু করেন৷

মহাযন্ত্রের টানেল

দীর্ঘ প্রায় ২০ বছরের নির্মাণকাজ শেষে তৈরি হয়েছে এই মহাযন্ত্র এলএইচসি৷ বিগব্যাং-এর রহস্য জানতে ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা সিইআরএন-এর বিজ্ঞানীরা নিরলসভাবে এই যন্ত্র নির্মাণে কাজ করে যান৷ অবশেষে গত বছরের ১০ই সেপ্টেম্বর সুইস-ফরাসী সীমান্তে নির্মিত এই মহাযন্ত্র চালু করা হয়৷ ২৭ কিলোমিটার একটি লম্বা টানেলের মধ্য দিয়ে প্রচন্ড গতিতে প্রোটন কণা ছুঁড়ে দেওয়া হয়৷ উদ্দেশ্য ছিল আলোর কাছাকাছি গতিতে কণারশ্মির মধ্যে সংঘর্ষ ঘটানো৷

বিজ্ঞানীদের পরিকল্পনা ছিলো পূর্ণ শক্তিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রোটন এলএইচসি ত্বরণ যন্ত্রের চার পাশে অতি দ্রুত বেগে ছোটাছুটি করবে৷ প্রতি সেকেন্ডে ১১,২৪৫ বার৷ আলোর ৯৯.৯৯ শতাংশ গতিতে ছুটে যাবে প্রোটনগুলো৷ প্রতি সেকেন্ডে ৬০ কোটি সংঘর্ষ ঘটানো সম্ভব হবে৷

এলএইচসি-র মূল নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত বিজ্ঞানীরা

তবে প্রথম নয়দিন ভালোভাবে চললেও এরপরেই বিগড়ে যায় মহাযন্ত্রটি৷ বিশাল এই যন্ত্রের এক জায়গায় হিলিয়াম গ্যাস লিক হয়ে গেলে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ দীর্ঘ ১৪ মাস পর যন্ত্রটিকে আবারো সচল করতে সমর্থ হয়েছেন সিইআরএন-এর বিজ্ঞানীরা৷

শুক্রবার সংস্থাটির মুখপাত্র জেমস গিলিস বার্তা সংস্থা এএফপি-কে জানান যে, স্থানীয় সময় বিকাল ৪টায় মহাযন্ত্র এলএইচসি চালু হয়েছে৷ প্রোটন কণা ছুড়ে দেওয়ার পর সেটি প্রায় পুরো টানেলটি ঘুরে এসেছে৷ পরে অবশ্য সিইআরএন-এর মহাপরিচালক রোল্ফ হয়ের জানান যে, বিজ্ঞানীরা আবারো সমর্থ হয়েছেন কণারশ্মিকে ঘুরিয়ে নিয়ে আসতে৷ তিনি জানান, পুরো সাফল্য পেতে আরো সামনে এগিয়ে যেতে হবে৷ তবে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক কাজ করেছে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈদ্যুতিক সংযোগ ঠিকমত না হওয়ায় গত বছর মহাযন্ত্র লার্জ হেডরন কলাইডার বা এলএইচসি-তে গন্ডগোল দেখা দেয়৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: দেবারতি গুহ

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন