1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশ ছয় দেশ

পরমাণু কর্মসূচীর ব্যাপারে সমঝোতা প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেছে প্রস্তাব দানকারী ছয়টি দেশ৷ তবে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান এল বারাদেই এখনও ইরানের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন৷

কয়েকদিন আগে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ-র মধ্যস্থতায় ছয়টি দেশের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়৷ এই ছয়টি দেশ হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স এবং জার্মানি৷ প্রস্তাবে বলা হয়েছিল ইরান তার নিম্নমানের ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাবে এবং সেখান থেকে ফ্রান্সের মাধ্যমে সমৃদ্ধ করবে৷ বলাবাহুল্য এই প্রস্তাবের মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে দূরে রাখাই ছিল উদ্দেশ্য৷ এই ব্যাপারে আইএইএ সহ ছয়টি দেশই ইরানের জবাবের জন্য অপেক্ষা করছিল৷ তবে শুক্রবার ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা ইউরেনিয়াম বাইরে পাঠানোর প্রস্তাবে রাজি নয়৷

শনিবার ব্রাসেলস-এ ছয়টি দেশের প্রতিনিধিরা ইরানের এই প্রত্যাখ্যান নিয়ে আলোচনা করেন৷ বৈঠক শেষে তাঁরা ইরানকে প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান৷ এদিকে সমঝোতার মধ্যস্থতাকারী আইএইএ-র প্রধান এল বারাদেই বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি মনে করেন ইরান প্রস্তাব পুরোপুরি নাকচ করে দেয়নি৷ তিনি বলেন, আমি তাদের কাছ থেকে যে মৌখিক জবাব পেয়েছি এতে তারা বলেছে যে আমাদের সব যন্ত্রপাতি ইরানে রাখা জরুরি, তাহলে আমরা জ্বালানি উত্তোলন করতে পারবো৷ এটা আমার কাছে আস্থাহীনতার প্রকাশ, তবে এই আস্থাহীনতার জায়গাতে আস্থা তৈরি করতে হবে৷

আইএইএ প্রধান এল বারাদেই (ফাইল ফটো)

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে প্রস্তাব প্রত্যাখ্যানের 'পরিণতি' সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন৷ তবে শুক্রবার ব্রাসেলস-এর বৈঠকে পরবর্তী পদক্ষেপ নিয়ে ছয়টি দেশের মধ্যে যে কথাবার্তা হয়েছে তাতে আলোচনা এবং নিষেধাজ্ঞা উভয় রাস্তাই খোলা রাখা হয়েছে৷ মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র রবার্ট উড ইরানের ব্যপারে বলেছেন, আমরা আশাবাদী যে তারা তাদের মনোভাব পরিবর্তন করবে৷

এদিকে আইএইএ প্রধান এল বারাদেই ইরানকে নতুন করে প্রস্তাব দিয়েছেন যাতে ইরান তার নিম্ন মানের ইউরেনিয়াম তুরস্কে পাঠাবে এবং সেগুলো রাশিয়াতে সমৃদ্ধ করা হবে৷ এই সমৃদ্ধ ইউরেনিয়ামের চালান ইরানে ফেরত আসার পর ইরান আবার নিম্নমানের ইউরেনিয়াম তুরস্কে পাঠাবে৷ নতুন এই প্রস্তাবে ইরান সাড়া দেয় কিনা সেটির জন্য অপেক্ষা করছেন এল বারাদেই৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: দেবারতি গুহ

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷