1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

ওয়াশিংটন সফর ছিল ‘গঠনমূলক’ এবং ‘অত্যন্ত আশাব্যঞ্জক’ : গুটেনব্যার্গ

নতুন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কার্ল থিয়োডর সু গুটেনব্যার্গ-এর যুক্তরাষ্ট্র সফর ছিল জার্মান-মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি ‘মাইলস্টোন’৷ যার মূল বিষয়বস্তু আফগান-মার্কিন নীতি এবং ন্যাটো’র ভবিষ্যৎ পরিকল্পনা৷

ওয়াশিংটন-এ জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কার্ল থিয়োডর সু গুটেনব্যার্গ

জানুয়ারি মাসের শেষে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক সম্মেলনের আগে, তালেবান বিরোধী অভিযান এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন আফগানিস্তান নীতি নিয়েই মূলত আলোচনা করেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কার্ল থিয়োডর সু গুটেনব্যার্গ৷ শুক্রবার তাঁর ওয়াশিংটন সফর শেষ করার আগে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস-এর সঙ্গে বৈঠক করেন গুটেনব্যার্গ৷ পেন্টাগনের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের তিনি বলেন, আফগান সরকারের কাছ থেকে ন্যাটো সদস্যদেশগুলি শুধু কথা নয়, তার চেয়েও বেশি কিছু আশা করছে৷

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস-এর সঙ্গে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী গুটেনব্যার্গ

গুটেনব্যার্গ-এর কথায়, ‘‘জার্মানির মতো যুক্তরাষ্ট্রও - অর্থাৎ অ্যাটল্যান্টিকের দুই প্রান্তে অবস্থিত ন্যাটো'র সবকটি সদস্যদেশই, আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে চায়৷ আমরা চাই, অদূর ভবিষ্যতে আফগান সরকারই তাদের দেশের সমস্ত দায়িত্বভার নিক৷ কিন্তু তার জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও তার বাস্তবায়ন প্রয়োজন৷''

আর তাই, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পর যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলিকে কার্যকর করার আহ্বান জানিয়েছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কার্ল থিয়োডর সু গুটেনব্যার্গ৷ উল্লেখ্য, প্রেসিডেন্ট কারজাই তাঁর আগামী পাঁচ বছরের কার্যকালে, দেশ থেকে দুর্নীতি এবং সন্ত্রাস দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন৷ শুধু তাই নয়, আফগানিস্তানে সেনা সংখ্যা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করে কারজাই বলেছেন, এটা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রতি কাবুলের স্পষ্ট প্রতিশ্রুতি এবং তার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ওবামার নতুন আফগানিস্তান নীতির ওপর৷

তাঁর সর্বশেষ আফগানিস্তান সফরে জার্মান সেনাদের সঙ্গে গুটেনব্যার্গ

ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন যে, তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁর আফগানিস্তান বিষয়ক নতুন নীতি প্রকাশ করবেন৷ এ প্রসঙ্গে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী গুটেনব্যার্গ বলেন, ‘‘আফগানিস্তানকে সাহায্য করতে জার্মানি সর্বতোভাবে প্রস্তুত৷ তবে যতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট তাঁর আফগানিস্তান বিষয়ক নতুন নীতি প্রকাশ না করছেন - ততদিন পর্যন্ত ন্যাটো'র পরবর্তী পদক্ষেপ বিষয়ে কথা বলা সমীচীন হবে না৷ আর তার জন্য আমাদের আগামী কয়েক সপ্তাহ অপেক্ষা করতেই হবে৷''

প্রসঙ্গত, বর্তমানে আফগানিস্তানে মোতায়ন ১ লক্ষ বিদেশী সেনার মধ্যে ৪,৫০০ জার্মান ও প্রায় ৬৪,০০০ মার্কিন সেনা আছে৷ আর ভবিষ্যতে, আরো ১০ থেকে ৪০ হাজার সেনা মোতায়েন করার কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন সেনা কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল৷

প্রতিবেদক: দেবারতি গুহ, সম্পাদনা: রিয়াজুল ইসলাম

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷