এবার আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতীয় ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকার৷ সঙ্গে আসলো আন্তর্জাতিক ক্রিকেটে ৮৮তম সেঞ্চুরিটিও৷
শচীন রমেশ তেন্ডুলকার (ফাইল ফটো)
কয়েকদিন আগে ওয়ানডেতে ১৭ হাজার রানের মাইলফলক পার হয়েছেন শচীন৷ আর শুক্রবার, শ্রীলংকার বিরুদ্ধে প্রথমে টেস্টের পঞ্চম ও শেষ দিনে সেঞ্চুরি করার পথে সর্বমোট ৩০ হাজার রানের ক্লাবে প্রথম নামটি লেখালেন তিনি৷ উল্লেখ্য, এটি তেন্ডুলকারের ৪৩ তম টেস্ট সেঞ্চুরি৷
টেস্ট ক্যারিয়ারে তেন্ডুলকারের দ্বিতীয় ইনিংসের গড় প্রথম ইনিংসের চেয়ে বেশ কম৷ এই সেঞ্চুরি এবার সেই গড়কে অনেকটাই ওপরে তুলে নেবে৷ এদিকে তেন্ডুলকার এবং গৌতম গম্ভীরের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র করেছে ভারত৷ প্রথম ইনিংসে ভারতের ৪২৬ রানের জবাবে লংকানরা করেছিল ৭৬০ রান৷ আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামের নিষ্প্রাণ পিচে পুরো পাঁচ দিনে রান হয়েছে মোট ১৫৯৮৷ আর উইকেট পড়েছে মাত্র ২১টি৷
সমালোচকরা এই নিষ্প্রাণ ড্রয়ের জন্য পিচকেই ই দায়ী করছেন৷ এদিকে প্রথম ইনিংসে ২৭৫ রানের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: দেবারতি গুহ