বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ আসামীর মৃত্যুদন্ড বহাল থাকায় এখন মৃত্যু পরোয়ানা বা ডেথ ওয়ারেন্ট জারি করবেন বিচারিক আদালত৷ কারা কর্তৃপক্ষ ডেথ ওয়ারেন্ট পেলে ফাঁসি কার্যকর করার উদ্যোগ নেবে৷
আর ডেথ ওয়ারেন্ট জারি করতে সর্বোচ্চ ৪০ দিন সময় লাগতে পারে বলে আইনজ্ঞরা জানিয়েছেন৷ ১২ আসামির মৃত্যুদন্ডাদেশ বহাল থাকার পর এখন একটি প্রশ্নই প্রধান হয়ে উঠেছে ঘাতকদের ফাঁসি কবে কার্যকর হবে, আইনগত আর কি প্রক্রিয়া শেষ হলে ফাঁসি কার্যকর করা যাবে৷ আইনজীবীরা বলেছেন, এখন আর দু'টি আইনগত সুযোগ রয়েছে আসামীদের জন্য৷ একই আদালতের কাছে রিভিউ পিটিশন করা এবং তা খারিজ হলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন৷ আসামীদের আইনজীবীরা রিভিউ পিটিশন করবেন বলে জানিয়েছেন৷ তবে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এই দু'টি গুরুত্বপূর্ণ কোন আইনগত প্রক্রিয়া নয়৷ আর তা শেষ করতে খুব অল্প সময় লাগবে৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আসামি পক্ষ যে আইনগত পদক্ষেপই নিক না কেন তাতে ডেথ ওয়ারেন্ট জারির প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না৷ এখন আপিল বিভাগ থেকে মামলার রায় হাইকোর্টে যাবে৷ হাইকোর্ট সেই রায় পাঠাবে বিচারিক মানে দায়রা জজ আদালতে, যে আদালত প্রথম রায় দিয়েছিল৷ বিচারিক আদালত ডেথ ওয়ারেন্ট জারি করে তা জেলখানায় পাঠাবে ফাঁসি কার্যকর করতে৷ এতে সর্বোচ্চ ৪০ দিন সময় লাগতে পারে৷ তবে ১২ জন আসামির মধ্যে যে ৫ জন আটক রয়েছে তাদের ফাঁসি কার্যকর করতে আপাতত উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে৷ পলাতক ৭ জন গ্রেফতার হলে রায় কার্যকর হবে৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক