বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা আর দেশের নিরাপত্তার ভার নিজেদের হাতে নেওয়ার প্রত্যয় ঘোষণা করে প্রেসিডেন্ট কারজাই যখন নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত তখন কাবুল আর ফারাহ’তে দুটি পৃথক হামলায় শুক্রবার নিহত হয়েছেন কমপক্ষে ২২ আফগান৷
ফাইল ফটো
পুলিশ কর্মকর্তাই হামলার লক্ষ্য
ইরান সীমান্তের কাছে ফারাহ প্রদেশের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা চালায় এক হামলাকারী৷ মোটরসাইকেলে থাকা হামলাকারী ব্যস্ত এলাকায় বোমাটির বিস্ফোরণ ঘটালে এক পুলিশ কর্মকর্তাসহ ১৭জন মারা যায়৷
প্রাদেশিক পুলিশ প্রধান ফকির মোহাম্মদ আসকার দাবি করেছেন, দুই দেহরক্ষীসহ নিহত হওয়া ওই পুলিশ কর্মকর্তাই ছিলেন এ হামলার লক্ষ্য৷ এদিকে প্রাদেশিক গভর্নর রুহুল আমিন জানিয়েছেন এ ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন৷
দায়িত্ব অস্বীকার তালেবানের
ওদিকে, তালেবান মুখপাত্র ক্বারী ইউসূফ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, এ হামলার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয়৷ কিন্তু ফারাহ’র গভর্নর বলছেন, অসামারিক লোকজন নিহত হলেই তালেবান গোষ্ঠী দায়িত্ব অস্বীকার করে৷ তার দাবি, এ হামলা অবশ্যই তালেবান জঙ্গিরাই চালিয়েছে৷
প্রেসিডেন্ট কারজাই এক বিবৃতিতে, ‘‘অসামরিক লোকজনের ওপর এ হামলাকে বর্বরোচিত ও ক্ষমার অযোগ্য’’ বলে এর নিন্দা জানিয়েছেন৷
পার্লামেন্ট সদস্যের ওপর হামলা
একইদিনে কাবুলে কারজাইয়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বর্তমান এমপি এবং একসময় আফগান গৃহযুদ্ধের কুখ্যাত কমান্ডার আব্দুল রব রসুল ওরফে সায়াফ অল্পের জন্য বেঁচে গিয়েছেন রাস্তায় পেতে রাখা বোমা হামলা থেকে৷ কিন্তু তার পাঁচ দেহরক্ষী ঘটনাস্থলেই নিহত হয়েছেন৷ সায়াফ কারচুপির অভিযোগে অভিযুক্ত ২০শে জানুয়ারির নির্বাচনে কারজাইয়ের অন্যতম সমর্থক ছিলেন৷
দায়িত্ব ছাড়ার সময় আসেনি:যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট কারজাইয়ের আশাবাদের মতোই ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও বলেছেন আফগানদের হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে পশ্চিমা বাহিনীর আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা শুরু করা উচিৎ৷ ২০১০ সাল থেকেই তা করা যেতে পারে বলেও তিনি বৃহস্পতিবার বলেছেন৷
কিন্তু, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একইদিনে ব্রিটিশ প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব ছাড়ার সময়সীমা ঠিক করার সময় এখনো আসেনি৷
আফগান যুদ্ধের ব্যয় বহনে যুক্তরাষ্ট্রে কর-প্রস্তাব
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আরও সেনা পাঠাবে কি না তা ঘোষণার কদিন আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থক প্রভাবশালী ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বৃহস্পতিবার আফগান যুদ্ধের ব্যয় বহনের লক্ষ্যে কর আরোপের প্রস্তাব করেছেন৷
এক যুক্ত বিবৃতিতে তারা বলেছেন,‘‘এ যুদ্ধ কেউ সমর্থন করুন অথবা নাই করুন যুদ্ধ যদি লড়তে হয় তবে এর খরচও যোগাতে হবে৷’’
প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক