আগামী ডিসেম্বরে, বাংলাদেশে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ‘সাফ’ হতে যাচ্ছে বঙ্গবন্ধুর নামে৷ বৃহস্পতিবার ষষ্ঠ ‘সাফ’ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে৷
‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ' - এই নামকরণের শর্তেই টুর্নামেন্টের স্পন্সর হতে রাজি হয়েছে বেক্সিমকো গ্রুপ৷ আর এর জন্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন'কে প্রায় সাড়ে তিন কোটি টাকা দিতে প্রস্তুত বেক্সিমকো৷ গ্রুপের সহ-সভাপতি সালমান এফ রহমান জানিয়েছেন, ‘‘দক্ষিণ এশিয়ায় বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বকে সম্মান দেওয়া আমাদের জন্য গর্বের৷ এ অঞ্চলে তিনি একজন প্রগতিশীল, গণতান্ত্রিক নেতা ছিলেন৷ আমার বিশ্বাস, শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্ট হলে, পুরো জাতিই খুশি হবে৷ তবে শুধু এবার নয়, আমরা চেষ্টা করব আগামীতেও বঙ্গবন্ধুর নামেই এই টুর্নামেন্টের স্পন্সর শর্ত কিনতে''৷
এদিকে, এই প্রথম কোন ব্যক্তির নামে ‘সাফ' চ্যাম্পিয়নশিপের নামকরণকে অভিনন্দন জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ‘সাফ' সহ-সভাপতি মনিলাল ফার্নান্দো৷
কাকতালীয় হলেও, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিনই ‘সাফ' চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এই ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন৷
উল্লেখ্য, ৪ঠা ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান এবং বাংলাদেশ বনাম ভুটানের খেলা দিয়ে শুরু হবে এবারের ‘সাফ' চ্যাম্পিয়নশিপ৷ চলবে ১৩ই ডিসেম্বর পর্যন্ত৷
প্রতিবেদন: দেবারতি গুহ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই