1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

শঙ্কামুক্ত না হলেও সুস্থ আছে তৃষ্ণা ও কৃষ্ণা

দীর্ঘ ৩২ ঘন্টার অপারেশনের পর শঙ্কামুক্ত না হলেও সুস্থ আছে আলাদা হওয়া বাংলাদেশী জোড় জমজ বোন তৃষ্ণা ও কৃষ্ণা৷ অস্ট্রেলিয়ার মেলবোর্নে সোমবার তাদের অপারেশন হয়৷ বর্তমানে তারা সংশ্লিষ্ট হাসপাতালে সতর্ক পর্যবেক্ষণে রয়েছে৷

ফাইল ফটো

ডাক্তাররা জানাচ্ছেন, আলাদা হওয়া তৃষ্ণা ও কৃষ্ণা জরুরি অবস্থায় থাকলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে৷ তারা কোমায় আছে এবং কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে৷

এই প্রসঙ্গে মেলবোর্নের রয়্যাল চিলড্রেন্স হসপিটাল-এর প্রধান সার্জন লিও ডোনান জানান, আমরা এখনেও অনেক বিষয়ে অনিশ্চয়তার মধ্যে আছি৷ বিশেষত অপারেশনের পর তারা কতটা সুস্থ হবে কিংবা আলাদা হওয়ার পর তাদের শরীরে কি ধরণের প্রতিক্রিয়া হবে তা এখনো অজানা৷

ডাক্তাররা জানাচ্ছেন, অপারেশনের ধকল কাটাতে এই দুই শিশু আরো কিছুদিন কোমায় থাকবে এবং এরপর ধীরে ধীরে জেগে উঠতে পারে৷

এর আগে মেলবোর্নের রয়্যাল চিলড্রেন্স হসপিটাল-এ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ১৬জন অভিজ্ঞ সার্জনের একটি দল এ অপারেশন শুরু করেন৷ অপারেশন শুরুর প্রায় ৩২ ঘন্টা পর তাদেরকে আলাদা অবস্থায় অপারেশন থিয়েটার থেকে বের করা হয়৷

দু'বছর বয়সি কৃষ্ণা ও তৃষ্ণার মাথার খুলি, মস্তিষ্কের একটা অংশ এবং কিছু রক্তনালি একসঙ্গে জোড়া লাগা ছিল৷ নিউরোসার্জনরা প্রথমে তাদের মস্তিষ্ক আলাদা করে এবং পরবর্তীতে অন্য একদল ডাক্তার সফলতার সাথে তাদের মাথার অপারেশনকৃত অংশের খুলি বন্ধ করেন৷

এতিমখানা থেকে অস্ট্রেলিয়ায়

জন্মের পরপরই এ জোড়-যমজকে ঢাকার একটি এতিমখানায় দেওয়া হয়েছিল৷ কিছুদিন পর প্রায় মুমুর্ষূ অবস্থায় চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন (সিসিএফ) তাদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসে৷

কর্তৃপক্ষ জানিয়েছে, তৃষ্ণা ও কৃষ্ণার আইনি অভিভাবক মোয়রা কেলি আজ সকালে হাসপাতালে উপস্থিত ছিলেন৷ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে শিশু দুটিকে চুমু খেয়ে আদর করেন তিনি৷

বাংলাদেশে জোড়-যমজদের বিচ্ছিন্ন করার সাফল্যের হার কম থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বিবেচনা করেই তৃষ্ণা ও কৃষ্ণাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়৷ এ ধরণের জোড়-যমজ আলাদা করার প্রক্রিয়া আসলেই ভয়ানক রকমের কঠিন৷ বিগত বছরহগুলোতে বাংলাদেশ এবং ব্রিটেনেও এ ধরণের অনেক প্রয়াস ব্যর্থ হয়েছে৷ অবশ্য সৌদি আরবের চিকিৎসকরা ফেব্রুয়ারি মাসে মিসরের জোড়-যমজকে আলাদা করায় সফল হয়েছেন৷

এ ধরণের সবচেয়ে পরিচিত ঘটনায় আইনে স্নাতক ডিগ্রি অর্জনকারী ইরানের ২৯ বছর বয়সি যমজবোন লালেহ ও লাদেন বিজানিকে আলাদা করতে গিয়ে ব্যর্থ হন সিঙ্গাপুরের চিকিৎসকরা৷ বিপুল রক্তহানির কারণে অপারেশনের ৫২ ঘন্টা পর মারা গিয়েছিল তারা৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলম/মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

ডিডাব্লিউ.ডিই

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷