1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

অবশেষে আলাদা হলো বাংলাদেশী জোড়-যমজ

মেলবোর্নে বাংলাদেশী জোড়-যমজ’কে আলাদা করার অত্যন্ত ঝুঁকিপূর্ণ দীর্ঘ অপারেশনটি ভালভাবে শেষ হয়েছে৷ সোমবার অপারেশন শুরুর প্রায় ৩২ ঘন্টা পর তাদেরকে আলাদা অবস্থায় অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছে৷

তৃষ্ণা ও কৃষ্ণা

তৃষ্ণা ও কৃষ্ণা নামের দু'বছর বয়সি এই যমজ শিশুদুটির মাথার খুলি, মস্তিষ্কের একটা অংশ এবং কিছু রক্তনালি একসঙ্গে জোড়া লাগা ছিল৷ নিউরোসার্জনরা প্রথমে তাদের মস্তিষ্ক আলাদা করে এবং পরবর্তীতে অন্য একদল ডাক্তার সফলতার সাথে তাদের মাথার অপারেশনকৃত অংশের খুলি বন্ধ করেন৷

এই প্রসঙ্গে মেলবোর্নের রয়্যাল চিলড্রেন্স হসপিটাল-এর প্রধান সার্জন লিও ডোনান জানান, তারা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসেছে এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে৷

এর আগে মেলবোর্নের রয়্যাল চিলড্রেন্স হসপিটাল-এ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ১৬জন অভিজ্ঞ সার্জনের একটি দল এ অপারেশন শুরু করেন৷ সেসময় প্লাস্টিক সার্জন টনি হোমস্ সাংবাদিকদের জানান, অপারেশন শেষ হতে প্রায় ১৬ ঘণ্টা লাগতে পারে৷

হোমস্ বলেন,‘‘এ ধরণের একটি ক্ষেত্রে যে কোনো সার্জন দলই খুব উদ্বেগজনক সময়ের মধ্য দিয়ে যান৷ কেননা এরকম অভিজ্ঞতা সত্যিই জীবনে হয়তো একবারই আসে এবং আমি মনে করি তাদের সবার এখন সূঁচের ডগায় থাকার মতোই অবস্থা৷''

শেষ কয়েকটি মুহূর্তই...

চিকিৎসকরা বলছেন, অপারেশনের মধ্য দিয়ে আলাদা করা গেলে শিশু দুটির মস্তিষ্কের ক্ষতে ভোগার আশঙ্কা প্রায় পঞ্চাশ ভাগ আর দুই বোনের একজন মারা যাওয়ার আশঙ্কা প্রায় পঁচিশ ভাগ৷

মাথার খুলির ওপরের দিকের যে অংশে শিশুদুটি জোড়া লাগানো সকালে সেই হাড় কেটে অপারেশন শুরু হয়৷

প্লাস্টিক সার্জন হোমস্ বলেন, ‘‘যেটা অজানা....তা হল, চূড়ান্ত পর্যায়ে যখন মস্তিষ্কের জোড় অংশ কেটে সেরিব্রাল সার্কুলেশন বা মস্তিষ্কের রক্তসঞ্চালন আলাদা করা হবে তখন কী ঘটবে....কারণ তখন হাইমোডাইনামিক্স বা রক্ত চলাচলে পরিবর্তন ঘটবে এবং যমজদের প্রত্যেকের ওপর এর চাপ হবে ভিন্ন ভিন্ন৷''

তিনি বলেন,‘‘এটা ওই শেষ কয়েক মুহূর্তের ব্যাপার ...যখন রক্তচাপ মস্তিষ্কে একটা সমতায় আসবে, ওটা নিয়েই আমরা উদ্বিগ্ন৷''

তবে তিনি জানান, ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রস্তুতিমূলক অপারেশন এবং অন্যান্য প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জোড়-যমজকে ভালভাবেই প্রস্তুত করা হয়েছে৷ তাই সতর্কভাবে হলেও তারা এ আশাবাদ জানাতে পারেন যে, সবকিছু ভালভাবেই এগোচ্ছে৷

এতিমখানা থেকে অস্ট্রেলিয়ায়

জন্মের পরপরই এ জোড়-যমজকে ঢাকার একটি এতিমখানায় দেওয়া হয়েছিল৷ কিছুদিন পর প্রায় মুমুর্ষূ অবস্থায় চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন (সিসিএফ) তাদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসে৷

কর্তৃপক্ষ জানিয়েছে তৃষ্ণা ও কৃষ্ণার আইনি অভিভাবক মোয়রা কেলি আজ সকালে হাসপাতালে উপস্থিত ছিলেন৷ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে শিশুদুটিকে চুমু খেয়ে আদর করেন তিনি৷

বাংলাদেশে জোড়-যমজদের বিচ্ছিন্ন করার সাফল্যের হার কম থাকা এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বিবেচনা করেই তৃষ্ণা ও কৃষ্ণাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়৷ এ ধরণের জোড়-যমজ আলাদা করার প্রক্রিয়া আসলেই ভয়ানক রকমের কঠিন৷ বিগত বছরহগুলোতে বাংলাদেশ এবং ব্রিটেনেও এ ধরণের অনেক প্রয়াস ব্যর্থ হয়েছে৷ অবশ্য সৌদি আরবের চিকিৎসকরা ফেব্রুয়ারি মাসে মিশরীয় জোড়-যমজকে আলাদা করায় সফল হয়েছেন৷

এ ধরণের সবচেয়ে পরিচিত ঘটনায় আইনে স্নতক ডিগ্রিঅর্জনকারী ইরানের ২৯ বছর বয়সি যমজবোন লালেহ ও লাদেন বিজানিকে আলাদা করতে গিয়ে ব্যর্থ হন সিঙ্গাপুরের চিকিৎসকরা৷ বিপুল রক্তহানির কারণে অপারেশনের ৫২ ঘন্টা পর মারা গিয়েছিল তারা৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলম/মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷