জার্মানিতে পড়াশোনার এই পর্বে চলুন আজ ঘুরে আসি কোলনের খুব কাছে ক্রেফেল্ডে অবস্থিত ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইন থেকে৷
আমরা এর আগেও জানিয়েছি ফাখহকশুলেগুলো বিশ্ববিদ্যালয় থেকে তূলনামূলকভাবে ছোট৷ যার কারণে তাতে থাকে হাতে গোনা কয়েকটি অনুষদ এবং অপেক্ষাকৃত কম ছাত্র-ছাত্রী৷
ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইনে পড়াশোনা করছে সব মিলে ১০ হাজার ছাত্র-ছাত্রী তার মধ্যে ৮০টি দেশ থেকে বিদেশী ছাত্র-ছাত্রীর সংখ্যা তেরশ৷
এই বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ ৪০টি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে৷ চলুন দেখা যাক অনুষদগুলো কি কি৷
রসায়ন, ডিজাইন, ইলেকট্রনিক এবং কম্পিউটিং, সমাজ বিজ্ঞান, ওকোট্রপলোগি, মেশিন স্ট্রাকচার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি এবং স্বাস্থ্যবিজ্ঞান৷ উল্লেখ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদটি ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে৷ উল্লেখিত অনুষদগুলোর অধীনে যে বিষয়গুলো পড়ানো হয় তাতে গ্রাজুয়েশন এবং ডিপ্লোমা করা সম্ভব৷ খুব অল্প কয়েকটি বিষয়ে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইন৷
বছরে দুটি করে সেমিস্টারে বিভক্ত ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইন৷ গ্রীষ্মকালীন সেমিস্টার শুরু হয় মার্চ মাসে এবং শীতকালীন সেমিস্টার শুরু হয় অক্টোবর মাসে৷ বিদেশী ছাত্র-ছাত্রীদের সব সময় বলা হয়ে থাকে সেমিস্টার শুরু হওয়ার অন্তত ৬ মাস আগে আবেদন পত্র জমা দেয়ার জন্য৷
জার্মানিতে অনেক বিশ্ববিদ্যালয়ে মাধ্যম হিসেবে ইংরেজী ভাষাটি ব্যবহার করা হয়৷ ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইনের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি পড়া যায় ইংরেজীতে৷ তারপরেও জার্মান ভাষাটি শেখা থাকলে অনেক সুবিধা হবে৷
ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইনের ওয়েব সাইটের ঠিকানা www.atlas.hs-niederrhein.de
প্রতিবেদক: মারিনা জোয়ারদার, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক
ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
ই-মেল: bengali@dw.de
এসএমএস: +88.0173.0302.205
এসএমএস: +91.9830.997232
ভয়েস মেল: +49.228.429-164158
ফ্যাক্স. +49.228.429-154158