1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

‘তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি’, দাবি পুলিশের

বাংলাদেশে সাগর সারোয়ার ও মেহরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার৷ তবে তিনি মনে করেন, সময়সীমা বেঁধে দিয়ে তদন্ত সম্ভব নয়৷

আইজিপি বলেছেন, শিগগিরই এই হত্যা মালমলায় জড়িতদের গ্রেফতার এবং চিহ্নিত করার ব্যাপারে ইতিবাচক খবর দেয়া সম্ভব হবে৷

শনিবার সাগর-রুনি হত্যাকাণ্ডের খবর জানার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার সম্ভব হবে৷ ৪৮ ঘন্টা শেষ হওয়ার পর সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার৷

তিনি বলেন, সময়সীমা বেঁধে দিয়ে তদন্ত শেষ করা সম্ভব নয়৷ তবে ইতিমধ্যেই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে৷ শিগগিরই এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে ইতিবাচক খবর দেয়ার কথা জানান তিনি৷

মেহেরুন রুনি এবং সাগর সারোয়ার

অপরাধীদের চিহ্নিত করা গেছে কিনা বা কেউ গ্রেফতার হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে তিনি জানান, যে সময় পার হয়েছে তাতে তদন্তে অগ্রগতি হওয়ার কথা এবং তা হয়েছে৷ তবে গ্রেফতার বা চিহ্নিত হওয়ার খবর তদন্তের এ পর্যায়ে দেয়া ঠিক নয় বলে মনে করেন পুলিশের আইজি৷

এদিকে সোমবারও ঢাকাসহ সারাদেশে সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের প্রতিবাদে মানব বন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা৷ তারা মুখে কালো কাপড় বেঁধে এই নির্মম হত্যাকণ্ডের বিচার দাবি করেন৷ সাংবাদিকরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান৷

অন্যদিকে মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, সোমবার দুপুরের পর তদন্তকারী সংস্থাগুলো তাদের তদন্তের অগ্রগতি এবং ফলাফল নিয়ে বৈঠক করেছে৷ তদন্তে সাফল্য এসেছে৷ অপরাধীরা অচিরেই গ্রেফতার হবে বলে তিনি উল্লেখ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

dw.de

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158