1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ব্লগ

বব্স ২০১২’য় শিক্ষাই মূল বিষয়

বব্স, অর্থাৎ ডিডাব্লিউ’এর ব্লগ অ্যাওয়ার্ডস’এর অষ্টম সংস্করণ শুরু হচ্ছে ১৩ই ফেব্রুয়ারি৷ সেরা ব্লগ, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া আন্দোলনের খোঁজে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে সংস্কৃতি ও জনশিক্ষার বিষয় দু’টিকে৷

বব্স'এর প্রথম কাজ: বিশ্বের ১১টি ভাষায় এবং প্রতিযোগিতার ১৭টি বিভাগে সেরা মনোনয়নগুলিকে বেছে বার করতে হবে৷ গতবছর যারা বব্স পুরস্কার পেয়েছেন, তাদের কর্মতৎপরতা প্রায় সব ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে আরব বিশ্বে আলোড়ন ও অভ্যুত্থানের সঙ্গে জড়িত৷ এবার কিন্তু জোর দেওয়া হবে সংস্কৃতি ও জনশিক্ষার উপর৷ ‘‘স্পেশাল টপিক অ্যাওয়ার্ড এজুকেশন অ্যান্ড কালচার'', এই বিভাগে সব ১১টি ভাষা বিভাগে শিক্ষা এবং নতুন ধরনের শিক্ষাপদ্ধতি মূলক পোর্টালের খোঁজ করা হবে৷ ডিডাব্লিউ'এর পরবর্তী গ্লোবাল মিডিয়া ফোরাম ২৫ থেকে ২৭ জুন বন'এ অনুষ্ঠিত হবে, এবং তারও মুখ্য আলোচ্য বিষয় হবে সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা৷

মতপ্রকাশের স্বাধীনতা

বব্স পুরস্কার চলতি বছর বিশেষ করে খুঁজছে এমন সব ওয়েবসাইট, যেগুলো ইন্টারনেটে মতপ্রকাশের স্বাধীনতাকে আরো জোরদার করেছে৷ মনোনীত প্রার্থীদের বৈচিত্র্যও যেমন, অনেক সময় পার্থক্যও তেমন৷ যে সব দেশে মিডিয়া কড়া সেন্সরের অধীন, সেখান থেকে অন্য ধরনের খবর ও বিবরণ প্রদান এর অঙ্গ৷ অথবা সুশীল সমাজ গড়ে তোলার কাজে সহায়ক ‘টুলস'৷ কিংবা গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের সমর্থনে আন্দোলন৷

‘‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স'' বিভাগের পুরস্কারটি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠনটির সঙ্গে সহযোগিতায় সৃষ্ট৷ যে সব ব্লগ ও ওয়েবসাইট মতপ্রকাশের স্বাধীনতার জন্য বিশেষভাবে সক্রিয়, তারাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবে৷

বাংলা ভাষার বিচারক ড. শহীদুল আলম

অংশগ্রহণের বিভিন্ন পন্থা

বব্স'এর চলতি সংস্করণ থেকে বব্স'এর ওয়েবসাইটটি পুনরায় প্রতিযোগিতার সব ক'টি ভাষায়, অর্থাৎ ১১টি ভাষায় পাওয়া যাবে৷ ভাষাগুলি হল আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান এবং স্প্যানিশ৷

সব ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি বব্স পুরস্কারের জন্য তাদের প্রস্তাব ও মনোনয়ন পেশ করার আহ্বান জানানো হচ্ছে৷ বব্স'এর ওয়েবসাইটে গিয়ে মনোনয়ন পেশ করার ব্যাপারটা অনেক সরল করা হয়েছে৷ সেজন্য প্রত্যেক ইউজারকে হয় ফেসবুক এবং টুইটারের মাধ্যমে, নয়তো - এই বছর থেকে এটা নতুন - রুশ নেটওয়ার্ক ভি-কনট্যাক্ট, চীনা টুইটার সেবা শিনা উইবো অথবা ওপেনআইডি'র মাধ্যমে লগ-ইন করতে হবে৷

আন্তর্জাতিক জুরি

সব ১১টি ভাষা অঞ্চলের সুপরিচিত নেট-আন্দোলনকারী, ব্লগার এবং ইন্টারনেট বিশেষজ্ঞদের নিয়ে আন্তর্জাতিক জুরি গঠন করা হয়েছে৷ এই বছর জুরিমণ্ডলীর জার্মান সদস্য হলেন প্যাট্রিসিয়া কামারাটা, যিনি বিগত সাত বছর ধরে তার ব্যক্তিগত ব্লগ লিখছেন এবং জার্মান ব্লগিং মহলে ‘ডাসনুফ' ছদ্মনামে খ্যাতি অর্জন করেছেন৷ জুরির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশিষ্ট রুশ সাংবাদিক ও ব্লগার আলেক্সান্ডার প্লুশেভ, বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী, প্রখ্যাত আলোকচিত্রশিল্পী ও ব্লগার শহিদুল আলম এবং ‘‘চীনা ব্লগার সম্মেলন''-এর এক উদ্যোক্তা আইজ্যাক মাও৷

ইন্টারনেট ব্যবহারকারীরা ভোটিং'এর মাধ্যমে ‘ইউজার প্রাইজ' বিজয়ীদের নির্বাচন করবেন৷ অন্যদিকে মে মাসের শুরুতে জুরিমণ্ডলী বার্লিনে মিলিত হয়ে ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীদের নির্ধারণ করবেন৷ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ২৬শে জুন বন'এ, ডিডাব্লিউ'এর গ্লোবাল মিডিয়া ফোরামে৷ সেই পুরস্কার বিতরণী সভায় জুরিদের নির্বাচিত বিজয়ীরা উপস্থিত থাকবেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

dw.de

ডায়েরির পাতা থেকে

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158