
শনিবার বুন্দেসলিগার বেশ কয়েকটি খেলা হয়ে গেল৷ এর মধ্যে গতবারের লিগ চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুণ্ড ১-০ গোলের জয় পায় বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে৷ জাপানি খেলোয়াড় শিনজি কাগাওয়া ডর্টমুণ্ডের পক্ষে একমাত্র গোলটি করেন৷
এ নিয়ে গত চার ম্যাচে চার গোল করে নিজের যোগ্যতা প্রমাণ করলেন এশিয়ার কাগাওয়া৷ খেলা শেষে ডর্টমুণ্ডের কোচ ইয়ুর্গেন ক্লোপ বলেন, ‘‘লেভারকুজেন ভাল খেলেছে৷ আমি জানতাম তাদের পক্ষে খেলাটা কঠিন হবে৷ তাই এই জয় পেয়ে আমি অনেক খুশি৷''
এদিকে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের খেলার জন্য মঙ্গলবার লেভারকুজেন যাচ্ছে মেসির দল বার্সেলোনা৷
বুন্দেসলিগার সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখও শনিবারের খেলায় জয় পেয়েছে৷ তাদের খেলা ছিল কাইজারস্লাউটার্নের বিরুদ্ধে৷ জার্মান জাতীয় দলের খেলোয়াড় মারিও গোমেজ ও থমাস ম্যুলার জয়সূচক দুটি গোল করেন৷ এই জয় নিয়ে পয়েন্ট তালিকায় বায়ার্নের অবস্থান দুই নম্বরে৷ এবং ডর্টমুণ্ডের সঙ্গে তাদের ব্যবধান দুই৷ তবে বায়ার্নের জন্য খারাপ খবর হলো, তাদের অন্যতম সেরা খেলোয়াড় বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের ইনজুরি৷ ফলে সামনের কিছুদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে৷ এর মাঝে আগামী ২২ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের খেলা রয়েছে৷ সেটা হবে সুইস ক্লাব এফসি বাজেল'এর বিপক্ষে৷
বুন্দেসলিগায় তৃতীয় স্থানে রয়েছে বুরুশিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখ৷ শনিবার তারা শালকে'র বিরুদ্ধে ৩-০ গোলের জয় পায়৷ এই হারের পর পয়েন্ট তালিকায় শালকের স্থান চার নম্বরে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আরাফাতুল ইসলাম
ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
ই-মেল: bengali@dw.de
এসএমএস: +88.0173.0302.205
এসএমএস: +91.9830.997232
ভয়েস মেল: +49.228.429-164158
ফ্যাক্স. +49.228.429-154158