1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

টোনি বেনেট আবার গাইছেন গ্র্যামি’তে

৮৫ বছর বয়সী মার্কিন গায়ক টোনি বেনেট’কে জ্যাজ গায়ক বললে কম বলা হবে, কিন্তু কিংবদন্তী বললে কিছুমাত্র ভুল হবে না৷ প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গেয়েছিলেন৷ ৫৪তম গ্র্যামি’তে আবার গাইছেন ১৫বার গ্র্যামি জেতা বেনেট৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিউ ইয়র্কে মানুষ হয়েছিলেন অ্যান্থনি দমিনিক বেনেদেত্তো৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনাবাহিনির পদাতিক সৈন্য হয়ে লড়েছেন৷ তার প্রথম নম্বর ওয়ান হিট গানটি ছিল ‘‘বিকজ অফ ইউ'', বেরোয় ১৯৫১ সালে৷ কিন্তু যে গানটিকে বেনেট'এর সিগনেচার সং বা স্বাক্ষরবাহী গান বলা হয়, সেটি হল ১৯৬২ সালে রেকর্ড করা ‘‘আই লেফ্ট মাই হার্ট ইন স্যান ফ্র্যানসিস্কো''৷

৫০ বছর পরে ১৪ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে'তে বেনেট'কে ঠিক সেই কারণেই সম্মানিত করতে চলেছে স্যান ফ্র্যানসিস্কো শহর৷ ‘আমি আমার হৃদয় স্যান ফ্র্যানসিস্কো'তে ফেলে এসেছি' গানটির বিভিন্ন সংস্করণ বার হচ্ছে: গাইছে শহরটির বয়েজ কোরাস, গার্লস কোরাস; বাজাচ্ছে স্যান ফ্র্যানসিস্কো সিমফনি অর্কেস্ট্রা৷

১৫ বার গ্র্যামি জিতেছেন বেনেট৷ আবার এ'ও এক আশ্চর্য যে, পয়লা নম্বর থেকে এবারকার ৫৪ নম্বর গ্র্যামি, সব ক'টি পুরস্কার অনুষ্ঠানেই তিনি হাজির ছিলেন অথবা থাকবেন৷ এবারেও তিনি ক্যারি আন্ডারউড'এর সঙ্গে একটি ডুয়েট গাইবেন৷ ওদিকে পরলোকগতা এমি ওয়াইনহাউস'এর সঙ্গে একটি ডুয়েটের কারণে টোনি নিজেও একটি গ্র্যামি'র জন্য মনোনীত৷

টোনির বক্তব্য হল: গ্র্যামি সপ্তাহান্তটিতে সব পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়, আবার নতুন উঠতি তারকাদেরও দেখা যায়৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক

dw.de

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158