আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে হলে সংসদে আসতে হবে, রাজপথে নয়৷ এদিকে বিএনপি আবারও বলেছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা কোন নির্বাচনে যাবেনা৷
তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে হলে সংসদে আসতে হবে, রাজপথে নয়৷ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এ কথা বলেছেন৷ শনিবার রূপসী বাংলা হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন৷ ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, রাজনৈতিক কোনো দলের অধীনে নির্বাচনের কথা আমাদের সংবিধানে বলে দেয়া আছে৷ তাই সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে৷
বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই নির্বাচন হবে৷ সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কথা আমরা ভাবছি না৷ মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে বিরোধী দলকে সংসদে আসতে হবে, রাজপথে নয়৷ বিরোধী দলের নির্বাচন কমিশন গঠন অসাংবিধানিক এমন দাবির পরিপ্রেক্ষিতে আইমন্ত্রী বলেন, প্রজ্ঞাপনই একটি আইন, তাছাড়া সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সার্চ কমিটি গঠিত হয়েছিল৷ এ নিয়ে কেউ কোনো বিতর্ক ও বিভেদ সৃষ্টি করতে পারে না৷ এ ছাড়া নির্বাচন কমিশন নিয়ে এই মুহূর্তে আইন করার কথা নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবেন না৷ এই কমিশন আগের কমিশনের চেয়েও দুর্বল৷ আর কমিশন গঠন করা হয়েছে আইন ও সংবিধান লংঘন করে৷ তাই যত দ্রুত সম্ভব যে ফরমেটেই হোক তত্ত্বাবধাক সরকার পদ্ধতির বিল আনার দাবী করেন তিনি৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী
ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
ই-মেল: bengali@dw.de
এসএমএস: +88.0173.0302.205
এসএমএস: +91.9830.997232
ভয়েস মেল: +49.228.429-164158
ফ্যাক্স. +49.228.429-154158