1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

শুরু হল চলচ্চিত্র উৎসব বার্লিনালে

শুক্রবার রাত পৌনে একটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় জার্মানির বিশ্বখ্যাত চলচ্চিত্র উৎসব বার্লিনালে৷ প্রচণ্ড ঠান্ডায়, মাইনাস তাপমাত্রায় অতিথিরা আসেন৷ উচ্ছাসের কোন কমতি ছিল না কারো মধ্যেই৷ শুরু ‘ফেয়ারওয়েল মাই কুইন' দিয়ে৷

ফরাসি বিপ্লবের পটভূমিকায় তৈরি এই ছবিতে রানি মারি এ্যান্তোয়ানেতের ভূমিকায় অভিনয় করেছেন হলিউডবাসী জার্মান অভিনেত্রী ডায়ান ক্রুগার৷ বার্লিনালে ‘ফেয়ারওয়েল মাই কুইন'এর পাশাপাশি আরো ১৮টি ছবি দেখানো হবে৷ মূল প্রতিযোগিতা রয়েছে এই ছবিগুলো৷

মাইনাস তাপমাত্রা উপেক্ষা করে অতিথিরা এসেছে তা দেখে ফেস্টিভ্যালের পরিচালক কসলিক উচ্ছাস প্রকাশ করেন৷ তার মতে প্রথম সারির অতিথিরা আসা মানেই অনুষ্ঠানের আয়োজন সার্থক হয়েছে৷

জার্মান অভিনেত্রী ডায়ান ক্রুগার

তবে সমালোচকরা মনে করছেন, অনেক অপরিচিত পরিচালকের ছবি স্থান পাচ্ছে এই বার্লিনালেতে৷ এর মধ্যে রয়েছে ২০১১ সালে তৈরি ইরানের ছবি ‘এ সেপারেশন'৷ ছবিটি ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব বেয়ার পুরস্কার পেয়েছে৷ এর পাশাপাশি অস্কারের জন্য দুটি মনোনয়ন পেয়েছে ইরানের এই ছবিটি৷

এ বছরের বার্লিনালে জুরির তালিকায় রয়েছেন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক মাইক লেই এবং মার্কিন অভিনেতা জেক গিলেনহ্যাল৷ তারা বিভিন্ন ছবি দেখছেন, যাচাই করছেন এবং তারা অন্য ধরণের ছবির প্রতিও আগ্রহ দেখাচ্ছেন৷ হতে পারে আফ্রিকা মহাদেশ থেকে আগত অসাধারণ কোন ছবির জন্য তারা অপেক্ষা করছেন৷

ফেস্টিভ্যালের পরিচালক কসলিক এ প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য হল ভিন্ন ধর্মী ছবি খুঁজে বের করা৷ যে ধরণের ছবি বা যে দেশ থেকে ছবি কখনো আমরা পাইনি সেসব দেশ থেকে আমরা সবসময়ই ছবি প্রত্যাশা করি এই ফেস্টিভ্যালে৷'' তিনি আরো বলেন, ‘‘যেমন ধরা যাক আফ্রিকা মহাদেশের কথা৷ এই মহাদেশকে আমরা ভুলেই থাকি৷ এ বছর সেনেগালের ছবি ‘টেন' এসেছে বার্লিনালে৷ ছবির পরিচালক অ্যাঁলা গোমিস৷'' এর পাশপাশি রয়েছে ‘ওয়ার উইচ' এবং ‘টাবু' ছবি দুটি৷ এই ছবি দুটিও আফ্রিকার৷

বাস্তব ঘটনা নিয়ে তৈরি কিছু ছবি থাকছে বার্লিনালেতে৷ অস্ট্রিয়ার মেয়ে নাতাশা কাম্পুশকে অপহরণ করে আট বছর বন্দি করে রাখা হয়েছিল জঙ্গলের একটি গোপন কুঠিরে৷ নাতাশার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে একটি ছবি নাম, ‘কামিং হোম'৷ হাঙ্গেরির ছবি ‘জাস্ট দ্যা উইন্ড'৷ হাঙ্গেরিতে এক রোমা পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয় – বাস্তব ঘটনা৷ সেই ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে ছবি৷

তবে শুধু ছবিই নয় বার্লিনালেতে প্রয়োজন বড় বড় তারকার৷ যেমন ধরা যাক মেরিল স্ট্রিপ৷ তিনি আসছেন বার্লিনালেতে৷ ১৪ তারিখে তার হাতে তুলে দেয়া হবে সম্মানিত গোল্ডেন বেয়ার পুরস্কার৷ আরও আসবেন ব্র্যাড পিট পত্নী এ্যাঞ্জেলিনা জোলি৷ তার প্রথম পরিচালিত ছবি ‘ইন দ্যা ল্যান্ড এফ ব্লাড এ্যান্ড হানি' দেখানো হবে বার্লিনালেতে৷ বসনিয়ার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি৷ এটিও সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত৷

আরো থাকছে সেপ্টেম্বর ২০০১ সালের সন্ত্রাসী হামলার ওপর ছবি ‘এক্সট্রিমলি লাউড এ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ'৷ ছবিতে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস এবং সান্ড্রা বুলক৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

dw.de

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158