1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

মাইনাস ১৮ ডিগ্রিতে ফুটবল ম্যাচ নিয়ে বিতর্ক

বায়ার্ন মিউনিখ বা বায়ার লেভারকুজেন’এর কোনো জমজমাট ম্যাচ নয় – একেবারে অন্য কারণে জার্মান কাপের ম্যাচকে ঘিরে প্রবল আগ্রহ ও বিতর্কের সৃষ্টি হয়েছে৷ কিন্তু স্টেডিয়ামের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল৷

একদিকে বরুসিয়া ডর্টমুন্ড, অন্যদিকে হলস্টাইন কিল৷ যথাক্রমে প্রথম ও চতুর্থ ডিভিশনের দুটি ক্লাবের মধ্যে কোনো ম্যাচের খবর সহজে সংবাদপত্রের শিরোনামে পৌঁছয় না৷ কিন্তু মঙ্গলবার স্টেডিয়ামের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল৷ এমন হাড়-কাঁপানো শীতের মধ্যে আদৌ ফুটবল খেলার যৌক্তিকতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে৷ এমনকি মাঠের কিছু অংশে বরফ জমে গিয়েছিল৷ গত ৪ বছরের মধ্যে এই প্রথম জার্মান কাপের সেমি ফাইন্যালে পৌঁছল ডর্টমুন্ড৷ কিন্তু ডর্টমুন্ড হলস্টাইন'কে ৪-০ গোলে হারানো সত্ত্বেও খুশি নন বিজয়ী দলের কোচ ইয়ুর্গেন ক্লপ৷ তাঁর মতে, ‘‘এ যেন ঘাসের উপর আইস-হকি খেলার মতো৷ পেশাদারি ফুটবলে এমনটা মেনে নেয়া যায় না৷ এমন ঠাণ্ডায় শুধু সেই সব স্টেডিয়ামেই খেলা যায়, যেখানে ঘাস গরম রাখার বিশেষ ব্যবস্থা রয়েছে৷'' কিল শহরের এই স্টেডিয়ামকে মঙ্গলবারের ম্যাচের জন্য প্রস্তুত করতে ঘাস ঢাকা দিয়ে গরম বাতাসের কল চালানো হয়েছিল বটে, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ থাকে নি৷ ইউরোপ জুড়ে শীতের থাবার কবল থেকে রেহাই পায় নি কিল শহরও৷

বরুসিয়া ডর্টমুন্ড আর হলস্টাইন কিল’এর খেলার একাংশ

ক্লপ'এর আশঙ্কা ছিল, কোনো খেলোয়াড় এই অবস্থায় পড়ে গিয়ে চোট পেলে তার মারাত্মক ক্ষতি হতে পারে৷ তাই ম্যাচের আগে ক্লপ তার খেলোয়াড়দের এতটাই সতর্ক করে দেন, যেন তারা বিশ্বকাপ ফাইনালে খেলতে চলেছে৷ তার উপর আগামী শনিবার বুন্ডেসলিগায় ডর্টমুন্ড'এর প্রতিপক্ষ বায়ার লেভারজুজেন৷ তাই দলের খেলোয়াড়দের অক্ষত রাখা অত্যন্ত জরুরি৷

প্রশ্ন উঠছে, এমন বিপদের আশঙ্কা সত্ত্বেও কেন এই ম্যাচ বন্ধ করা হলো না? কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে প্রবল চাপের মুখেই ম্যাচ বাতিল করা সম্ভব হয় নি৷

জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল পর্যায় শেষ হবার পর আগামী ২০ ও ২১শে মার্চ দু'টি সেমি ফাইনাল এবং ১২ই মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

dw.de

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158