
মাইক্রোসফট ইমাজিন কাপে প্রথমবার অংশ নিয়ে সাড়া ফেলে বাংলাদেশ দল৷ মেধাবী চার তরুণের সফটওয়্যার প্রকল্প বিশ্বের বিভিন্ন দেশের প্রকল্পের সঙ্গে লড়াই করে জয় করে পিপলস চয়েস অ্যাওয়ার্ড৷ এবারও ইমাজিন কাপে অংশ নেবে বাংলাদেশ দল৷
কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের বিশেষ প্রতিযোগিতা ইমাজিন কাপ৷ এই প্রতিযোগিতার আওতায় তরুণ প্রজন্ম তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সফটওয়্যার নির্মাণ করবে৷ তাদের সহায়তা করবে মাইক্রোসফট৷ চূড়ান্ত আসরে বিশ্বের কোন এক বড় শহরে প্রতিযোগিতায় অবতীর্ন হবেন বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীরা৷ বিজয়ীদের জন্য মোটা অঙ্কের অর্থ পুরস্কার, সেটাও দেবে মাইক্রোসফট৷ এছাড়া অংশগ্রহণকারীদের জন্য আসল সফটওয়্যারের ব্যবস্থা করে সংস্থাটি৷
মাইক্রোসফটের এই ইমাজিন কাপের সূচনা ২০০৩ সালে৷ তবে মাইক্রোসফটের এই সফটওয়্যার নির্মাণ প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ২০১১ সাল থেকে৷ প্রথম আসরেই অবশ্য তাক লাগিয়েছে টাইগাররা৷ বিশ্বের শতাধিক দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের অর্জন, পিপলস চয়েস অ্যাওয়ার্ড৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ দলে ছিলেন চার তরুণ, নিয়াজ মোর্শেদ, অভিষেক আহমেদ, মোস্তাকিম আলী ও শাহিদুল ইসলাম শিশির৷ এই দলের নাম ‘টিম ব়্যাপচার'৷ এরা সবাই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি' বাংলাদেশ'এর শিক্ষার্থী৷ তাদের প্রকল্পের নাম ‘থার্ড আই'৷ দৃষ্টি প্রতিবন্ধীদের চলাফেরা, পড়াশোনা, ইন্টারনেট ব্যবহার এবং বিনোদনে সহায়তা করার লক্ষ্যে ‘থার্ড আই' নামের সফটওয়্যারটি তৈরি করে বাংলাদেশ টিম৷ এরপর প্রতিযোগিতার চূড়ান্ত আসরে ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয় করে টিম ব়্যাপচার৷ নিউইয়র্কে তাদের হাতে এই পুরস্কার তুলে দেন হলিউডের তারকা ইভা লঙ্গরিয়া৷
মাইক্রোসফট- বাংলাদেশ ইভান্জেলিস্ট অমি আজাদ বলেন, মাইক্রোসফটের ইমাজিন কাপে অংশ নিতে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে৷ মাইক্রোসফট বাংলাদেশ বিভিন্নভাবে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার চেষ্টা করছে৷
চলতি বছরেও ইমাজিন কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল৷ মাইক্রোসফট বাংলাদেশ জানিয়েছে, সফটওয়্যার ডিজাইন প্রতিযোগিতায় বাংলাদেশে বসবাসরত ১৬ বছর বয়সের যে কোন শিক্ষার্থী এক থেকে সর্বোচ্চ চার সদস্যের দল করে অংশগ্রহণ করতে পারবে৷ বাংলাদেশে আঞ্চলিকভাবে প্রতিযোগিতার আয়োজন করবে মাইক্রোসফট বাংলাদেশ৷ আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ী দল অংশ নেবে আন্তর্জাতিক চূড়ান্ত আসরে৷ চলতি বছরের জুলাইয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া'র সিডনিতে৷ সেই আসরে অংশ নেওয়া বাংলাদেশ দলের সকল ব্যয়ভার বহন করবে মাইক্রোসফট৷ এই বিষয়ে আরো জানতে ভিজিট করুন: ইমাজিনকাপ ডটকম ডটবিডি ঠিকানা৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক
ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
ই-মেল: bengali@dw.de
এসএমএস: +88.0173.0302.205
এসএমএস: +91.9830.997232
ভয়েস মেল: +49.228.429-164158
ফ্যাক্স. +49.228.429-154158