1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ জীবন

শেয়ারবাজারে ঢোকার আবেদন করল ফেসবুক

অবশেষে ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ আইপিও ছাড়ার আবেদন করলো ফেসবুক৷ বছরের মাঝামাঝি থেকে লেনদেন শুরু হতে পারে বলে জানা গেছে৷

বলা হয়েছে ৫০০ কোটি ডলার৷ কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, আইপিও'র মাধ্যমে ফেসবুক বাজার থেকে এক হাজার কোটি ডলার তুলে নিতে পারবে৷ যদি তাই হয়, তাহলে ফেসবুক হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ বড় কোম্পানি, যারা আইপিও থেকে এত টাকা তুলবে৷ এখন পর্যন্ত ভিসা ইনকর্পোরেশন, জেনারেল মোটরস আর এটিএণ্ডটি ওয়ারল্যাস এর নাম রয়েছে এই তালিকায়৷

২০০৪ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ডরমেটরিতে মার্ক জাকারবার্গ ফেসবুক নামের ওয়েবসাইটটি তৈরি করেছিলেন৷ আর আজ প্রায় আট বছর পর ফেসবুকের দাম সাড়ে সাত থেকে দশ হাজার কোটি ডলার বলে মনে করেন অনেকে৷

ফেসবুকের প্রসপেক্টাসে বলা হয়েছে, গত বছর তাদের নিট লাভ হয়েছে প্রায় একশো কোটি ডলার৷ আগের বছরের তুলনায় এটা প্রায় ৬৫ শতাংশ বেশি৷

জাকারবার্গ বলেন, প্রিন্টিং প্রেস আর টেলিভিশনের আবিষ্কার ইতিহাসকে বদলে দিয়েছে বলে মনে করা হয়৷ আজ ফেসবুকও তেমন একটা পর্যায়ে পৌঁছেছে৷

প্রতি মাসে গড়ে প্রায় সাড়ে ৮৪ কোটি সদস্য ফেসবুক ব্যবহার করেন বলে জানানো হয়েছে৷

তবে শেয়ারবাজারে ঢুকলেও ফেসবুকের পুরো নিয়ন্ত্রণ থেকে যাচ্ছে জাকারবার্গের হাতেই৷ ফলে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকছে তাঁর হাতেই৷ এমন ব্যবস্থা করা হয়েছে যেন ফেসবুক পরিচালনায় কোনো বোর্ড গঠন করতে না হয়, যেখানে সাধারণত স্বাধীন পরিচালকদের নিয়োগ দিতে হয়৷ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী সে অর্থে ফেসবুকে কর্পোরেট গভর্নেন্স থাকছে না৷ তবে এটা নিয়ে কিছু বলারও নেই সমালোচকদের৷ কেননা এর আগে অন্যান্য কোম্পানিও এভাবে শেয়ারবাজারে ঢুকেছে৷ যেমন গুগলের কর্তৃত্ব থেকে গেছে সার্গেই ব্রিন আর লেরি পেজ'এর কাছে৷ ২০০৪ সালে আইপিও ছেড়ে গুগল দুইশো কোটি ডলার সংগ্রহ করেছিল৷ এছাড়া নিউ ইয়র্ক টাইমস পত্রিকার কর্তৃত্ব ধরে রেখেছেন সালজবার্গার৷

শিকাগো বিশ্ববিদ্যালয়ের ‘বুথ স্কুল অব বিজনেস' এর অধ্যাপক স্টিভেন কাপলান বলছেন, জাকারবার্গ তাঁর নিয়ন্ত্রণ ধরে রাখায় হয়তো বিনিয়োগকারীরা ফেসবুকের শেয়ার নিয়ে কিছুটা কম উৎসাহী হতে পারে৷ সেক্ষেত্রে শেয়ার মূল্য হয়তো প্রত্যাশার চেয়ে কিছুটা কম হতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

dw.de

ডায়েরির পাতা থেকে

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158