1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার স্থায়ী জামিন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী জামিন পেয়েছেন৷ আর জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে৷ শুনানির নতুন তারিখ ১৮ই মার্চ৷

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন৷ জামিনের মেয়াদ শেষ হওয়ায়, তিনি বৃহস্পতিবার মহানগর বিশেষ আদালতের বিচারক জহুরুল হকের এজলাসে হাজির হয়ে জামিন চান৷ উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করেন৷ যা সাংবাদিকদের জানান খালেদা জিয়ার আইনজীবী সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ৷

গত ১৬ই জানুয়ারি এই মামলায় খালেদাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে দুদক৷ মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায়, সোয়া ৩ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ করা হয়েছে৷ খালেদা জিয়া এই ট্রাস্টের প্রধান৷ আগামী ১৪ই ফেব্রুয়ারি অভিযোগ পত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হওয়ার কথা৷

অন্যদিকে, এর আগে মহানগর দায়রা জজ আদালতে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল৷ খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতে জানান, তাঁরা এই মামলার কার্যকারিতা স্থগিতের জন্য উচ্চ আদালতে আপিল করবেন৷ তাই তারা আদলতের কাছে শুনানি পেছানোর আবেদন জানান৷ আদালত তাঁদের আবেদন মঞ্জুর করে ১৮ই মার্চ অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করে৷

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল জানান, হাইকোর্ট তাঁদের স্থগিতাদেশ দেয়নি৷ ১৮ই মার্চের মধ্যে তাঁরা আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ আনতে না পারলে, আর সময় দেয়া হবেনা৷ ওই তারিখে খালেদা জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হবে৷

এই দু'টি মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া বৃহস্পতিবার পৌনে ১২ টার দিকে আদালতে যান৷ আর সকাল থেকেই আদালত এলাকায় বিএনিপি'র বিপুল সংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন৷ খালেদা জিয়ার সঙ্গে বিএনপি'র সিনিয়র নেতারাও আদালতে যান৷ আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

dw.de

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷

যোগাযোগ

ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

ই-মেল: bengali@dw.de

এসএমএস: +88.0173.0302.205

এসএমএস: +91.9830.997232

ভয়েস মেল: +49.228.429-164158

ফ্যাক্স. +49.228.429-154158