ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ভয় পশ্চিমা বিশ্বের৷ তাদের আশঙ্কা ইরান পরমাণু বোমা তৈরি করবে৷ তাই এই পরিকল্পনা ঠেকাতে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ সহ একের পর এক চাপ দিয়ে যাচ্ছে৷ আর এর নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র৷
নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও ইরানের পরমাণু কর্মসূচিতে অন্যভাবেও বাধা দেয়ার চেষ্টা হয়ে থাকে৷ যেমন ইরানী নাগরিকদের মোটা অংকের বিনিময়ে নিজের দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করানো হয়৷ এছাড়া বিশিষ্ট বিজ্ঞানীদের অপহরণ থেকে শুরু করে হত্যা, এমন কাজও করে থাকে পশ্চিমা বিশ্ব তথা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল৷ অবশ্য এগুলো সবই ইরানের অভিযোগ৷
এবার ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের নেয়া নতুন এক পদক্ষেপের কথা শুনবো৷ বিষয়টা হলো – কম্পিউটার ভাইরাস, যেটা ইরানের পরমাণু কর্মসূচি প্রকল্পে আঘাত হেনেছিল গত নভেম্বরে৷ ফলে ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন কয়েক বছর পিছিয় গেছে বলে মনে করা হয়৷
এই ভাইরাসের নাম ‘স্টাক্সনেট'৷ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সঙ্গে মিলে ভাইরাসটি তৈরি করেছেন ইসরায়েলের বিজ্ঞানীরা৷ সঙ্গে ছিল ব্রিটেন ও জার্মানির সহায়তা৷
বিখ্যাত মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে ফাঁস করা হয়েছে এসব তথ্য৷ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের সূত্রে এ খবর পরিবেশন করেছে পত্রিকাটি৷
উল্লেখ্য, স্টাক্সনেট পুরো কম্পিউটার সিস্টেমকে নষ্ট করে দেয়৷ তবে শুধুমাত্র সিমেন্সের তৈরি কম্পিউটার সিস্টেমের উপরই হামলা করে এই কম্পিউটার ভাইরাস৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম
ই-মেল অথবা এসএমএস পাঠিয়ে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
ই-মেল: bengali@dw.de
এসএমএস: +88.0173.0302.205
এসএমএস: +91.9830.997232
ভয়েস মেল: +49.228.429-164158
ফ্যাক্স. +49.228.429-154158