জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের প্রতিষ্ঠা হয় ১৯৫৩ সালে৷ উদ্দেশ্য ছিল, ইউরোপের কেন্দ্র থেকে বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও স্বাধীন তথ্য প্রদান৷
ডয়চে ভেলের বাংলা বিভাগ চালু হয় ১৯৭৫ সালে৷ সেসময় শর্ট ওয়েভে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় হয়েছিল৷ ২০১০ সাল থেকে দিনে দু’টি করে অনুষ্ঠান প্রচার শুরু কার হয় এফএম ব্যান্ডে, বাংলাদেশ বেতারের সঙ্গে সহযোগিতায়৷ এই সহযোগিতা চলে ২০১৩ সালের ৮ই মার্চ অবধি৷
বাংলা বিভাগের ওয়েবসাইটে (www.dw.de/bengali এবং m.dw.de/bengali) বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, নারী অধিকার, অর্থনীতি, খেলাধুলা, উচ্চশিক্ষা ও লাইফস্টাইল সম্পর্কে ব্যাপক তথ্য প্রকাশ করা হয়৷
ডিডাব্লিউ-এর সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’-এর বিভিন্ন ভাষা বিভাগের মধ্যে বাংলাও রয়েছে৷ ইতোমধ্যে বাংলা ব্লগাররা এই প্রতিযোগিতায় বিশেষ সাড়া জাগিয়েছে৷
ডয়চে ভেলে ২০১১ সাল থেকে একুশে টিভির জন্য ইউরোপীয় অর্থনীতি সংক্রান্ত একটি সংক্ষিপ্ত সাপ্তাহিক অনুষ্ঠান তৈরি করছে৷ ২০১৩ সালের এপ্রিল থেকে ডয়চে ভেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অন্বেষণ বাংলা ভাষাতেও প্রচার শুরু হয়েছে৷ ডয়চে ভেলের ওয়েবসাইটের পাশাপাশি একুশে টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে এই অনুষ্ঠান৷